সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে হবে: জামায়াত আমির

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

মাদককে নিয়ন্ত্রণ নয়, বরং সমাজ থেকে পুরোপুরি নির্মূল করতে হবে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, মাদকের কারণে শুধু কিশোর নয়, বৃদ্ধরাও নষ্ট হয়ে যাচ্ছে। এর ব্যাপকতা এখন আর কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ নেই। মাদক সেবনের চেয়েও মাদক লালন ও ব্যবসার কারণে সমাজ আজ ধ্বংসের মুখে পড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, উনি তো সংসদে অনেক বিষয়ে ভূমিকা রাখেন, আমরা চাই উনি ওনার নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পরিচালনার কাজটা নিজের বাড়ি থেকেই শুরু করুন।

দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষের কারণে ভালো মানুষ দেশে বিনিয়োগ করতে চান না। বিভিন্ন খাতে ‘পার্সেন্টেজ’ বা কমিশনের সংস্কৃতি চালু থাকায় অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে দেশের পরিবর্তে বিদেশে বিনিয়োগ করছেন। এই ক্ষতিকর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অবিলম্বে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

জামায়াত আমির আরও বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিনিয়োগকারীদের হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টি করা গেলে দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মতবিনিময় সভায় নেত্রকোনার সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ নিয়ে শফিকুর রহমান বলেন, জেলার বিজয়পুরের চিনামাটির পাহাড়, দুর্গাপুর অঞ্চলের বালুসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ যথাযথ পরিকল্পনা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করে কাজে লাগানো গেলে এ অঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এসব সম্পদকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার বড় সুযোগ রয়েছে।

এ ছাড়া জেলার পাহাড়, নদ-নদী, পর্যটন সম্ভাবনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়ন নিয়েও তিনি নিজের ভাবনা তুলে ধরেন।