logo

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে এবার মানববন্ধন-স্মারকলিপি প্রদান

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে এবার মানববন্ধন-স্মারকলিপি প্রদান
খাগড়াছড়িতে পার্বত্যবাসীর মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে দীপেন দেওয়ানের অব্যাহতি নেওয়ার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পার্বত্যবাসী। এবার তাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পার্বত্যবাসী।

‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ খাগড়াছড়ি ব্যানারে’ অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

চাইথোয়াই মারমার সভাপতিত্ত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষার্থী মৌনুচিং মারমা, প্রজ্ঞা জ্যোতি চাকমা, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, দীপেন দেওয়ান বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পাহাড়ি-বাঙালির আস্থাভাজন নেতা। তিনি পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় অবিচল ও সৎ ছিলেন।

তারা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথায় সরকারি চাকরি ছেড়ে দীপেন দেওয়ান বিএনপিতে যোগদান করেন। তিনি দলের জন্য নিঃস্বার্থ নিবেদিত প্রাণ। তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

গত সোমবার (১ জুন) অসুস্থতার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দীপেন দেওয়ান। একই দিন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। ২০০৫ সালে জেলা যুগ্ম জজের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি।

দীপেন দেওয়ান মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি মেনে নিতে পারেননি তার অনুসারীরা। তারা বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে প্রতিবাদ জানান। নিজের পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য না দিলেও বুধবার (৩ জুন) তিনি ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে পার্বত্যবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানান। ওই পোস্টে তিনি উল্লেখ করেন–বিএনপির রাজনীতি করেছেন এবং ভবিষ্যতে করে যাবেন। বিএনপি তার শেষ ঠিকানা।