সোনামসজিদ দিয়ে দেশে এলো ভারতীয় কাঁচামরিচের প্রথম চালান

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। মোট ৭৭ জন আমদানিকারককে ২৮ হাজার ৯৫০ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমতির পরপরই ভারত থেকে কাঁচামরিচের প্রথম চালান দেশে পৌঁছেছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।
তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধিত ৭৭ জন আমদানিকারক ভারত থেকে এসব কাঁচামরিচ আনছেন। এই স্থলবন্দর দিয়ে প্রায় এক বছর পর আবারও কাঁচামরিচ আমদানি শুরু হলো। তবে সব চালানের খালাস প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় প্রথম চালানে মোট কত পরিমাণ কাঁচামরিচ এসেছে, তা নিশ্চিত করা যায়নি।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা ও ভারী বর্ষণে মরিচ খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাজারগুলোতে সরবরাহ কমে গিয়ে হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম, এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।
চাঁপাইনবাবগঞ্জের কৃষি বিপণন কর্মকর্তা মুমিনুল ইসলাম জানান, বাজারে সরবরাহ কম থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দ্রুতই কাঁচামরিচের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
