নতুন চেতনাকে ধ্বংস করতেই হামলা-ভাঙচুর: শিশির মনির

সুনামগঞ্জের দিরাইয়ে একটি নির্বাচনি প্রচার গাড়ি ভাঙচুরের ঘটনাকে নতুন রাজনৈতিক চিন্তা ধ্বংসের শামিল বলে মন্তব্য করেছেন জামায়াত প্রার্থী শিশির মনির। তিনি বলেন, যে দলের লোকজনই করুক না কেন; এটা ঠিক নয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাইয়ের বরাম হাওরে দিরাই ধল রোডের কাদিরপুর গ্রামে নির্বাচনি প্রচারণাকালে প্রচার গাড়িতে হামলা-ভাঙচুর করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এই হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা।
এদিকে ওই হামলায় গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন দিরাই উপজেলা বিএনপির নেতারা।
এ ঘটনায় শিশির মনিরের কর্মী-সমর্থকরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনি প্রচার চালাতে গাড়িটি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে যায়। এ সময় বিএনপির প্রার্থীর পক্ষে একটি মিছিল বের হয়। তখন শিশির মনিরের প্রচার গাড়ির সঙ্গে থাকা লোকজন প্রোজেক্টরের শব্দ কমিয়ে দেন। তখন মিছিল থেকে কয়েকজন এসে জানান, শব্দ কমালে হবে না, এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে হবে। পরে গাড়িটি নিয়ে সেখান থেকে দিরাই সদরের উদ্দেশে রওনা দিয়ে কাদিরপুর নামক স্থানে আসে। তখন পেছন থেকে চারটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির সামনের কাচ ভেঙে গেছে।
হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই দিরাই উপজেলা সদরে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
এ বিষয়ে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী বলেন, হামলা-ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ রকম কোনো ঘটনাই ঘটেনি।