logo

অনিয়ম নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

অনিয়ম নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

অনিয়ম নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর চড়াও হওয়া এবং দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি পরিবার পরিকল্পনা বিভাগের এক পরিদর্শক চেক জালিয়াতির মামলায় আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে, কারাগারে থাকা অবস্থায়ও বিধিবহির্ভূতভাবে তাকে কয়েক মাসের নিয়মিত বেতন দেওয়া হয়। এ বিষয়ে তথ্য জানতে সাংবাদিকরা উপপরিচালক মো. মোজাম্মেল হকের কার্যালয়ে গেলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

সাংবাদিকদের অভিযোগ, এ সময় মোজাম্মেল হক তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং দেখে নেওয়া হবে বলে হুমকি দেন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, মো. মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্য, সিন্ডিকেটের মাধ্যমে প্রভাব বিস্তার এবং সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করতেন কারাগারে থাকা ওই পরিদর্শক।

তবে এসব অভিযোগের বিষয়ে উপপরিচালক মো. মোজাম্মেল হকের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।