logo

সরকারি বরাদ্দের টাকায় বাড়ির রাস্তা বানালেন ইউপি সদস্য

সরকারি বরাদ্দের টাকায় বাড়ির রাস্তা বানালেন ইউপি সদস্য

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সরকারি রাস্তা সংস্কারের বরাদ্দের টাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিজ বাড়ির রাস্তা নির্মাণ করেছেন। এ ঘটনায় ইউপি সদস্য মো. মিজান হাওলাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। 

রোববার (২৯ মার্চ) জিয়ানগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কালাইয়া গ্রামের রুস্তম মল্লিকের বাড়ি থেকে মামুন হাওলাদারের বাড়ি অভিমুখী রাস্তা সংস্কারের জন্য তিন মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকার বেশি। এই বরাদ্দ দেওয়া হয় জিয়ানগর উপজেলা পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-গম) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরাদ্দকৃত রাস্তায় কাজ না করে ওই প্রকল্পের ইট ব্যবহার করে ইউপি সদস্য মিজান হাওলাদারের নিজ বাড়িতে প্রবেশের রাস্তা ইটসোলিং করা হয়েছে।

এ বিষয়ে  ইউপি সদস্য মো. মিজান হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি রাস্তার বরাদ্দের ইট দিয়ে বাড়ির রাস্তা নির্মাণ করা যায় কি না সেটা আমার জানা নেই। বরাদ্দের কাগজপত্রে ভুলও থাকতে পারে। বিষয়টি নিয়ে সরাসরি সাক্ষাৎ করে বিস্তারিত জানাব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, অভিযোগ পাওয়ার পর সরেজমিন তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে ইউপি সদস্য ও প্রকল্প সভাপতি মিজান হাওলাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, প্রশাসন সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।