মাজারের দানবক্স ভেঙে চুরি, আটক ৩

নাটোরের সিংড়ায় ঘাসি দেওয়ানের মাজারের দানবাক্স ভেঙে প্রায় দুই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার চলনবিল এলাকার তিশিখালি ঘাসি দেওয়ানের মাজারে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার হিজলী গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে জয়, সোহরাব আলীর ছেলে বিপ্লব খান এবং শাহিনের ছেলে শামিম হোসেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাতে মাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এবং মাজারের সিসি ক্যামেরা অকার্যকর ছিল। অন্ধকারের মধ্যে রাতে মাজারের তিনটি দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা চুরির ঘটনা ঘটে।
সকালে বিষয়টি মাজার কমিটি জানতে পেরে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহজনক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।