logo

স্কুলে যাওয়ার পথে শিশুকে ধর্ষণ, পাঁচ বছর পর যুবকের মৃত্যুদণ্ড

স্কুলে যাওয়ার পথে শিশুকে ধর্ষণ, পাঁচ বছর পর যুবকের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আকিদুল শেখ। ছবি: এশিয়া পোস্ট

স্কুলে যাওয়ার পথে সহায়তার আশ্বাস দিয়ে আট বছরের এক শিশুকে রাস্তার পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। বৃষ্টিতে রাস্তার পাশে পানি জমে থাকায় আকিদুল শিশুটিকে রাস্তা পার করে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলেন। এরপর শিশুটিকে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।

পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বিদ্যালয়ে পৌঁছালে তার কাছে ঘটনার কথা জানতে পেরে দ্রুত তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে আকিদুল শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।