সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে দেশের চলমান সাংবিধানিক সংকটের সমাধান হবে না। বরং এ প্রক্রিয়ায় সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই এনসিপি সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে বলে জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী মনছারের ঘাট এলাকায় কৃষক সমাবেশ ও গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, শুরু থেকেই এনসিপি সরকারের কাছে সংবিধান সংশোধন পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে। তার ভাষ্য, ওই পরিষদের মাধ্যমে সংবিধানসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। কিন্তু সরকার সংবিধান সংশোধন কমিটিকে প্রাধান্য দিচ্ছে, যেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে বিরোধী দলের মতামত যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আজ সংবিধান সংশোধন কমিটির বৈঠক ডাকা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, এ প্রক্রিয়ায় সংকটের সমাধান হবে না; বরং সংকট আরও গভীর হবে। তাই জাতীয় নাগরিক পার্টি এ বৈঠক বয়কট করেছে।
গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সরকার গণভোটের রায়ের প্রতি অসঙ্গত অবস্থান নিয়েছে। তার দাবি, গণভোটে দেওয়া জনগণের রায়ের পূর্ণ বাস্তবায়ন না করে সরকার আংশিকভাবে তা গ্রহণের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু সংবিধানের বিদ্যমান কাঠামোর মৌলিক পরিবর্তনের পরিবর্তে সরকার কেবল সংশোধনী আনতে চায়।
সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে আখতার হোসেন বলেন, সংসদের বিরোধী দল হিসেবে এনসিপিকে ওই কমিটিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আমরা আমন্ত্রণ গ্রহণ করিনি। তার দাবি, যে ধারণার ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে, সেখানে জুলাই সনদ ও গণভোটের প্রতিফলন নেই।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা সংবিধান সংশোধন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। কেবল সংশোধনী আনার মাধ্যমে বর্তমান সাংবিধানিক সংকটের সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
