logo

সুনামগঞ্জে বিএনপির ৭ নেতা বহিষ্কার

সুনামগঞ্জে বিএনপির ৭ নেতা বহিষ্কার

দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা যুবদলের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন জেলার শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ছলিম নূর বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম এ কয়েছ, জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সদস্য আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজা ও উপজেলা যুবদল নেতা শামিনুর রহমান। 

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বিএনপির মনোনীত প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সংশ্লিষ্ট ইউনিটের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। এই আদেশের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ এবং সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপিসহ অঙ্গসংগঠনের কয়েক জনকে বহিষ্কার করা হয়েছে। জেলা কমিটির দায়িত্বশীল নেতারা পৃথকভাবে এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। যারাই দলের বিপক্ষে অবস্থান নেবে তাদেরকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। বিষয়টি সকল সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অবগত করা হয়েছে।