অতিথিদের জন্য রান্না করতে গিয়ে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
অতিথিদের জন্য রান্না করতে গিয়ে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর
ছবি : সংগৃহীত

টানা বৃষ্টির মধ্যে অতিথিদের জন্য রাতের খাবার প্রস্তুত করছিলেন গৃহবধূ রোজিনা আক্তার। কিন্তু সেই রান্নাঘরই হয়ে উঠল তার শেষ আশ্রয়। হঠাৎ পাহাড় ধসে মাটিচাপা পড়ে প্রাণ হারালেন তিনি।

শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার শহরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা আক্তার (৩৫) ওই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যার দিকে বাড়িতে আসা অতিথিদের জন্য রাতের খাবার তৈরি করছিলেন রোজিনা। এসময় রান্নায় ব্যবহারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে স্বামী মুজিবুর রহমান সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় হঠাৎ বিকট শব্দে বাড়ির পেছনের পাহাড়ের একটি অংশ ধসে পড়লে মুহূর্তেই রান্নাঘরে থাকা রোজিনা আক্তার চাপা পড়েন।

এসময় বাড়িতে থাকা অতিথি ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারীরা রোজিনা আক্তারকে মাটির নিচ থেকে বের করে আনেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম বলেন, দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারেননি। তাই তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, টানা ভারী বর্ষণের সময় পাহাড় বা পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঝুঁকি দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, এ নিয়ে কক্সবাজারে টানা সাত দিনের ভারী বর্ষণে পাহাড় ধসে ১৫ জন রোহিঙ্গা নাগরিকসহ ২২ জন নিহত হলেন।