চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৩

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের ঠিক আগে মুরাদপুর রেলক্রসিং থেকে শুরু হয়ে মিছিলটি মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়।
ইলহাম খান লতিফ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটি লাইভ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে শতাধিক নেতা-কর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলের সামনে ১০ থেকে ১২টি মোটরসাইকেলের একটি বহরও ছিল।
মিছিলে জুলাইয়ের গণ-অভ্যুত্থান সংক্রান্ত একাধিক হত্যা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের ছবি সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়। মিছিলের পরপরই নগরের বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ঝটিকা মিছিলের খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযানে নামে এবং নগরের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


