শুক্রবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (২২ মে) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে গ্রাহকদের আগেই মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়েছে।
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী জুলফিকার আলী বলেন, বিদ্যুৎ লাইনের জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ামাত্রই দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।