তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে পরাজিত প্রার্থীতেই ভরসা জামায়াতের

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার সকালে দায়িত্বশীল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে। জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলেও তিনি জানান।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনেও জামায়াতের প্রার্থী ছিলেন আবিদুর রহমান সোহেল। তিনি প্রায় এক লাখ ভোট পান।
পরে তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে।