আ.লীগকে সহযোগিতা করায় যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের রক্ষায় ভূমিকা রাখার সুনির্দিষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।
এ ছাড়া বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত যুবদল নেতাআতাউর রহমান ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
