logo

শের-ই-বাংলা মেডিকেলের স্টোর রুমে আগুন

শের-ই-বাংলা মেডিকেলের স্টোর রুমে আগুন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : এশিয়া পোস্ট

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, হাসপাতালের নিচতলার স্টোর রুমে হঠাৎ করে আগুন দেখতে পান রোগীর স্বজনরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শুধু ধোঁয়া উড়ছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলো। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলমান।

এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, আগুনে ওষুধ স্টোরের কিছু ঔষধ এবং ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত করে আগুনের সূত্রপাত জানা যাবে।