logo

কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা আটক

কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা আটক
আটক ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, বৈদ্যুতিক পাখা ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে সাহেদ তালুকদার নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, গত ২৭ অক্টোবর সরকারি ছুড়ির দিন দাপ্তরিক কাজ শেষে দুপুরে তিনি বাড়ি চলে যান। পরে পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে তাকে জানান, সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি বৈদ্যুতিক পাখা খুলে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে দ্রুত কলেজে গিয়ে তিনি ঘটনার সত্যতা পান। পরে কলেজের সভাপতি ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী বলেন, কলেজের মালামাল চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।