অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত

ঈদের দিনে ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
শনিবার (২১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন খিচা বান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২০) ও ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারি রোড এলাকার মো. গোলাম মাওলার মেয়ে রীতি আক্তার (৮)। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিগঞ্জ বাজারসংলগ্ন বাউন্ডারি রোড এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রুবেল মিয়া মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু রীতি আক্তারকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, দুর্ঘটনায় নিহত রুবেল মিয়ার মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, রীতি আক্তার নামে এক শিশুকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় রীতির বাবা ও রীতির ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন।