Advertisement

পদ্মায় নৌকা থেকে জেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
পদ্মায় নৌকা থেকে জেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
পদ্মা নদীতে ভাসমান একটি নৌকা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

নাটোরের লালপুরের পদ্মা নদীর পাড়ে নৌকার উপর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাইটার চরে পদ্মা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাহাবুল প্রামানিক পাবনার ঈশ্বরদী থানার সাড়া গোপালপুর গ্রামের ইউনুস প্রামানিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে রাইটার চর থেকে মোটরসাইকেল যোগে ৫/৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী নদীর পাড়ে আসে। পরে নদীর পাড় থেকে এলোপাথারি গুলিবর্ষণ করে করে চলে যায়। এ সময় নদীতে মাছ ধরা নৌকায় থাকা সাহাবুল প্রামানিক গুলিবৃদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন কিন্তু সেখানে কোন কিছুই পাওয়া যায়নি।

পরবর্তীতে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে একটি নৌকার মধ্যে রক্তাক্ত এক ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহটির পরিচয় শনাক্ত করে। বর্তমানে মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে কে বা কারা কি কারণে গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তকাজ শুরু করা হয়ে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, গত ৯ জুন লালপুরের চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।