logo

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক
চট্টগ্রাম বন্দর। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম বন্দরে বন্ড সুবিধার অপব্যবহার করে পাকিস্তান থেকে আমদানিকৃত ১০ কনটেইনারে প্রায় ১৫০ টন কাঁচা তামাক আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই তামাক দিয়ে প্রায় ৪৯৪ কোটি টাকার প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো সাকিব রায়হানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের নামে বন্ড সুবিধায় পাকিস্তান থেকে কাঁচা তামাকের এই চালানটি আমদানি করা হয়। জব্দকৃত তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

প্রাথমিক পর্যালোচনায় আমদানিকৃত পণ্যের ঘোষণায় উল্লেখযোগ্য অসংগতি পেয়েছে কাস্টমস গোয়েন্দা। একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫.১০ মার্কিন ডলারে অ্যাসেসমেন্ট করা হলেও, আলোচ্য চালানে ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১.৪৫ মার্কিন ডলার প্রতি কেজি। পূর্ববর্তী বাজারমূল্য বিবেচনায় এই চালানে সম্ভাব্য আমদানি পর্যায়ের রাজস্ব প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা আরও জানায়, বন্ড সুবিধায় আমদানিকৃত এসব পণ্যের প্রকৃত ব্যবহার এবং উৎপাদিত পণ্যের সঠিক হিসাব সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হলে, আমদানি এবং পরবর্তী উৎপাদন ও বাজারজাতকরণ উভয় পর্যায়েই বড় ধরনের শুল্ক-কর ফাঁকির ঝুঁকি থাকে।