জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করলে ক্ষমতায় টিকে থাকা যাবে না: মামুনুল হক

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ছলচাতুরী করলে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
রোববার (১১ অক্টোবর) বেলা দুইটায় সিলেটের জকিগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, বাঙালির একটা নিয়ম আছে—ধরে ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। যেভাবে শেখ হাসিনাকে ধরেছিল, ছেড়ে দেয়নি। আপনাদেরকেও ধরলে ছাড়বে না।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, তেল ও গ্যাসের সংকটের কারণে এখনও কলকারখানা বন্ধ হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় হাহাকার তৈরি হবে।
সমাবেশে আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাওলানা হাবিব আহমদ শিহাবের নাম ঘোষণা করেন মামুনুল হক। হাবিব আহমদ শিহাব ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এবং সাবেক জমিয়ত কর্মী।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শায়েখ মোস্তফা আহমেদ। সঞ্চালনা করেন মাওলানা আলী আফসার জিহাদী। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতী মোহাম্মদ উল্লাহ, দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে অংশ নেন।