logo
Advertisement

সীমান্তে ১১০ জনকে পুশইন চেষ্টা, ঠেকিয়ে দিল বিজিবি

এশিয়া পোস্ট নিউজ, বেনাপোল (যশোর)
সীমান্তে ১১০ জনকে পুশইন চেষ্টা, ঠেকিয়ে দিল বিজিবি
যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির টহল। ছবি: এশিয়া পোস্ট

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ১০০-১১০ জনকে পুশইন (ঠেলে পাঠানো) করতে চেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।

Advertisement

সোমবার (১ জুন) সীমান্ত সূত্র জানায়, বর্তমানে ১০ থেকে ১২ জন সাদিপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানো চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবি সোচ্চার রয়েছে।

এ বিষয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। আশা করা যায়–দ্রুত সময়ের মধ্যে ব্যাখ্যা পাওয়া যাবে।

বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ মে) রাতে সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার কাছে ১০০-১১০ জন কথিত বাংলাদেশিকে জড়ো করা হয়। তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তখন সীমান্তের আলো (ফ্লাডলাইট) বন্ধ করে দেওয়া হয়েছিল।

যে এলাকায় ওই ১১০ জনকে জড়ো করা হয় সেখানে বেনাপোলের ১৯/৬-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের ৬৭-বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের অবস্থান।

বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিএসএফ রাতে সীমান্তের আলো বন্ধ করে দিয়ে ১০০-১১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় পুশইন সম্ভব হয়নি।।