Advertisement

নোয়াখালীর সুবর্ণচরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
শিশু ‍নির্যাতনের প্রতীকী ছবি। সত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (৩১ জুলাই) রাতে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দিবাগত রাত ২টার দিকে শিশুটি নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় সাজু নামে ওই যুবক ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরিবারের সদস্যরা জানান, শিশুটির গোঙানির শব্দে পাশের কক্ষে থাকা তার ভাবির ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটি তার ভাবির কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। এ সময় সে জানায়, অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে তাকে চিনতে পেরেছে সে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা বিষয়টিকে ধামাচাপা দিতে এবং পুলিশে না জানাতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে অভিযুক্ত সাজু বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঘটনাটিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।