মাদারীপুরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাদারীপুরের ডাসার উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মেলকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী ইমরান ট্রাভেলস পরিবহন ও বরিশাল থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাস দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন দুজন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, দুটি বাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়ার জন্য জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।