শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারসহ নিহত ২

শেরপুরে নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলীতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—রোকনুজ্জান রুকন (৩১) ও গৃহবধূ মাহফুজা বেগম। রোকনুজ্জান শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। আর মাহফুজা বেগমের বাড়ি ঝিনাইগাতী উপজেলায় মাটিয়াকুড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান জামালপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সবাই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটিকে জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
এ বিষয়ে শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক এশিয়া পোস্টকে বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সেই তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হচ্ছে। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের হাতে পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা রয়েছেন।