উইপোকায় ভরা বরাদ্দের কক্ষ, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব থাকায় কক্ষ পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত রাত্রিযাপন না করেই সার্কিট হাউস ছেড়ে চলে যান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর সার্কিট হাউসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
জানা গেছে, ১১ দলীয় লংমার্চ উপলক্ষে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ করা হয়েছিল। রাত ১০টার দিকে কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি পুরো কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। এতে তিনি ভোগান্তিতে পড়েন এবং দায়িত্বরত কর্মচারীকে কক্ষ পরিবর্তন ও একটি কম্বলের ব্যবস্থা করতে বলেন।
তবে তাৎক্ষণিকভাবে তা করা হয়নি। পরে তাহেরের এপিএস আরিফুর রহমান বিষয়টি কুমিল্লার এনডিসিকে (নেজারত ডেপুটি কালেক্টর) জানান। এর পরও বিকল্প কোনো ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা।
এ ঘটনার পর কুমিল্লা সার্কিট হাউসের রক্ষণাবেক্ষণ ও অতিথি ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথির জন্য বরাদ্দ করা কক্ষে এমন পরিবেশ থাকা এবং তাৎক্ষণিকভাবে সমাধান না করার বিষয়টিকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।



