মেঘনায় ধরা পড়ল ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ

মেঘনার ঢেউ, জেলেদের জাল আর সেই জালে ধরা পড়া রুপালি স্বপ্ন ইলিশ। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে এবার এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ।
সোমবার (৩১ আগস্ট) এই ইলিশটি দেখতে তজুমদ্দিন চৌমুহনী ঘাটে ভিড় জমান জেলে, মাছ ব্যবসায়ীসহ স্থানীয় উৎসুক মানুষ। কারও হাতে মোবাইল ফোন, কেউ আবার কাছে গিয়ে দেখছেন মেঘনার সেই ‘রাজা ইলিশ’।
জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে তজুমদ্দিন চৌমুহনী ঘাটে নিয়ে এসে ওজন করা হলে দেখা যায় এর ওজন ২ কেজি ৭০০ গ্রাম। বড় আকৃতির ইলিশ হওয়ায় মাছটি নিয়ে ঘাটে বেশ আলোচনা ও দরদাম শুরু হয়।
শেষ পর্যন্ত তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল মাছটি ১০ হাজার ৮০০ টাকায় কিনে নেন। মাছটি কেনার পর রাসেল বলেন, মেঘনায় এমন বড় ইলিশ পাওয়া আনন্দের বিষয়। বড় ইলিশের স্বাদ ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার কারণেই তিনি আগ্রহ নিয়ে মাছটি কিনেছেন।
মেঘনার বুকে ইলিশ কেবল একটি মাছ নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, ঐতিহ্য ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা এক নাম। বছরের পর বছর জেলেরা উত্তাল নদীতে জীবনের ঝুঁকি নিয়ে জাল ফেলেন, আর কখনো কখনো সেই জালেই উঠে আসে এমন ‘রাজা ইলিশ’, যা মুহূর্তেই ঘাটের মানুষের আনন্দের কারণ হয়ে ওঠে।
তজুমদ্দিনের মেঘনায় ২ কেজি ৭০০ গ্রাম কেজি ওজনের এই ইলিশ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে বড় ইলিশ পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। জেলেদের আশা, নদীতে যদি এমন বড় ইলিশের দেখা আরও মেলে, তবে তাদের মুখে ফিরবে স্বস্তির হাসি।



