স্বস্তির বৃষ্টি এখন ফেনীর দুর্ভোগ, শহরজুড়ে জলাবদ্ধতা

ফেনীতে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি নামলেও তা পরিণত হয়েছে মৌসুমের সর্বোচ্চ বর্ষণে। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে শহরজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ফেনী আবহাওয়া অফিস জানায়, বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে ফেনী শহরের এসএসকে রোডসহ প্রধান সড়ক ও অলিগলির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা উপচে রাস্তায় পানি জমে থাকায় রিকশা ও অটোরিকশা চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকেই কাজের উদ্দেশ্যে বের হতে না পেরে দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি নিচু এলাকার ফসলি জমি ও বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরাও ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আগামী কয়েক ঘণ্টা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ বিষয়ে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।