logo

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে নাটোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরতে গিয়ে বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিক হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। তার হত্যাকাণ্ডের বিচার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।