কীটনাশক দিয়ে কৃষকের ৭০০ কলাগাছ নষ্টের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে এক কৃষকের এক একর জমির কলাবাগানে পচনশীল বিষাক্ত কীটনাশক স্প্রে করে সাত শতাধিক কলাগাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক হুমায়ুন মোল্লার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হুমায়ুন মোল্লা জানান, গত ১০ আগস্ট একই গ্রামের মেহেদি শেখ ও রবি শেখকে তার কলাবাগান থেকে বের হতে দেখেন তিনি। ওই সময় তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করায় বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা দেখে নেওয়ার হুমকি দেন।
হুমায়ুন মোল্লার অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান যে রাতের আঁধারে প্রায় ৭০০টি কলাগাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে। এতে কলাগাছ ও ভেতরে ধরা কলা পচে নষ্ট হয়ে যাচ্ছে। ঘটনার প্রতিকার চেয়ে তিনি মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বাগানের সাত শতাধিক কলাগাছে পচনশীল বিষ বা কীটনাশক প্রয়োগ করা হয়েছে, যার কারণে গাছগুলো মরে যাচ্ছে। এতে কৃষকের প্রায় চার লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষককে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হয়েছে এবং সরকারি পর্যায় থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষকের লিখিত অভিযোগের ভিত্তিতে হারেজ শেখের ছেলে মেহেদি শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মুকসুদপুর উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত কলাবাগান পরিদর্শন করেছেন। তিনি জানান, ভুক্তভোগী কৃষকের সহায়তার বিষয়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।



