কিশোর রায়হান হত্যা মামলার মূল আসামি বিল্লাল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবা কেনার টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়া এবং মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর মারা যান। এ ঘটনায় মূল আসামি বিল্লাল মিয়াকে (৩৩) ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ১টার দিকে ফেনী সদর মডেল থানাধীন মধ্যম রামপুরের শাহিন একাডেমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার খাটিহাতা এলাকার দুলাল মিয়ার ছেলে।
জানা গেছে, গত ২৯ মে রাত ১০টার দিকে সরাইল উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার সজীব মিয়া নামের এক যুবক স্থানীয় অন্য এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক ইয়াবা না এনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে সজীব মিয়া চরম ক্ষুব্ধ হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। বিষয়টি টের পেয়ে এলাকার মাদকের বিরুদ্ধে সক্রিয় স্থানীয় যুবক কামাল, জসিম ও দেওয়ান উদ্দিনসহ কয়েকজন সেখানে এগিয়ে যান এবং মাদক কেনাবেচার কারণ জানতে চান। এই সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে এলাকার শাহীন ও রতন মিয়া নামের আরও দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে। মাদকসংক্রান্ত এই তর্কবিতর্কের জের ধরে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে রাতে টর্চলাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্রের আঘাতে উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে রায়হান (১৫) গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত আরও ১৫ জন আহত হন। এই ঘটনার পরদিন ৩১ মে সরাইল থানায় পেনাল কোডের ৩০২ ধারাসহ বিভিন্ন ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকেই এজাহারনামীয় আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। র্যাব-৭ জানতে পারে, মামলার অন্যতম পলাতক আসামি বিল্লাল মিয়া ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর শাহীন একাডেমি এলাকায় অবস্থান করছে। এই তথ্যের সত্যতা যাচাই করে গত ৯ জুন রাতে র্যাব-৭ এবং র্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে বিল্লালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, সরাইলের চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বিল্লালকে গ্রেপ্তারের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
