দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট, ৫ দিন পর ডেঙ্গুতে শিক্ষকের মৃত্যু

‘সম্মানিত ফেসবুক বন্ধুরা, সবাই আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য দোয়া করিও। আমার প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা।’ গত ৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এমনই এক আবেগঘন বার্তা লিখেছিলেন মঞ্জুর আলম সোহাগ (৩০)। তখনও হয়তো তিনি জানতেন না, সেটিই হয়ে উঠবে তার জীবনের শেষ দিকের অন্যতম বার্তা।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তরুণ এই স্কুলশিক্ষক।
মঞ্জুর আলম সোহাগ কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা জাফর আলমের ছেলে।
টেকনাফ ইডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, সোহাগ কলেজটির গণিত বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় দিন আগে জ্বর, শরীর ও মাথাব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহাগ। পরে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
এদিকে ছেলের মৃত্যুতে শোকাহত বাবা জাফর আলম বলেন, আমার ছেলে কয়েক দিন ধরে অসুস্থ ছিল। পরে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হয়। আজ সকালে সে আমাদের ছেড়ে চলে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন।
সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও বন্ধুদের মাঝে। স্বজনরা জানান, তিনি শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষাজীবন থেকেই মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত ছিলেন।
সোহাগের বন্ধু সাদেকুল ইসলাম বলেন, সোহাগ আমাদের বন্ধুদের মধ্যে অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। সব সময় হাসিখুশি থাকত। তার অকাল মৃত্যু আমাদের হৃদয়ে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।
এদিকে তার ফেসবুক স্ট্যাটাসে বন্ধুদের কাছে ক্ষমা ও দোয়া চেয়েছিলেন সোহাগ। সেই আবেদন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ছে। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। টেকনাফ ইডেন স্কুল অ্যান্ড কলেজ পরিবারও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
