Advertisement

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞান যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞান যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস
অজ্ঞান যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাইকারীদের কবলে পড়ে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার ছনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. ইয়াছিন (৩০)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, ভোর ৪টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা যায়, ছিনতাইকারীরা ওই যুবককে মারধর করে অজ্ঞান করে তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেছেন।