logo

আওয়ামী লীগ নেতা কারাগারে, বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও আগুন

আওয়ামী লীগ নেতা কারাগারে, বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও আগুন
আওয়ামী লীগ নেতা সামাদের বাড়িতে লুটপাটের পর আসবাবপত্রে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : এশিয়া পোস্ট

রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সময় একদল দুর্বৃত্ত পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম ও তার সন্তানদের জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগমের দাবি, হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত ৩টার দিকে সামাদের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তারা ছুটে যান। এ সময় হামলাকারীরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

পরিবারের সদস্যরা জানান, আব্দুস সামাদ প্রায় দুই বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। নাশকতাসহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত। তবে বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়েও পরিবারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।