logo

চার দিন ধরে ১৪ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

চার দিন ধরে ১৪ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা
ঘন কুয়াশার মধ্যে ভ্যানে করে যাচ্ছেন এক চালক ও দুই যাত্রী। ছবি: এশিয়া পোস্ট

উত্তরের জেলা পঞ্চগড়ে গত এক সপ্তাহ ধরে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। রাত থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ভোরে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

এরই মধ্যে সূর্যের দেখা মিললে ধীরে ধীরে কমতে থাকে কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে বাড়তে থাকে রোদের তীব্রতা। তবে হিমালয় থেকে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা কমছে না। সকাল ১০টা নাগাদও শীত অনুভূত হচ্ছে। হিমেল বাতাসে রোদের তাপ যেন গায়েই লাগছে না।

Advertisement

শীত উপেক্ষা করে সকাল থেকেই গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। এমন পরিস্থিতিতে পঞ্চগড়ে টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বোদা উপজেলার ভীমপুকুর এলাকার কৃষক আনসার আলী বলেন, গত কয়েক দিন ধরে শীতের কারণে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। বর্তমানে আমরা ধান মাড়াইয়ের কাজ করছি। কিন্তু সকালে শীতের কারণে হাতগুলো কুঁকড়ে থাকে। কাজ করতে খুবই অসুবিধা হয়।

উপজেলার ময়দানদিঘী এলাকার বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, শীত আমাদের মতো গরিব মানুষের জন্য দুর্ভোগের বিষয়। প্রতিবছর শীতে আমাদের দুর্ভোগের শেষ থাকে না। অনেক বিত্তবান মানুষ আছেন। তারা যদি আমাদের মতো মানুষের পাশে দাঁড়ান, তাহলে শীতে আমাদের কষ্ট অনেকটা কমে যায়। অনেক দিন ধরে কেউ আমাদের শীতের কোনো বস্ত্র দেননি। আমরা কীভাবে দিন কাটাব?

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে ও আকাশে মেঘমালার কারণে গত কয়েক দিন ধরে জেলায় ঘন কুয়াশা বিরাজ করছিল। তবে দুদিন ধরে কুয়াশার পরিমাণ কমলেও শীতের তীব্রতা কমেনি। রোদের দেখা মেলায় জনজীবনে স্বস্তি ফিরছে। চলতি মাসের শেষে জেলায় শীতের তীব্রতা আরও বাড়বে।