logo
Advertisement

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কিশোরগঞ্জ
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার
সিরাজ উদ্দিন মোড়ল। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনার দুদিন পর নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিন মোড়লের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

রোববার (১২ জুলাই) সকাল ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজ উদ্দিন পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পার হয়ে নিজের জমিতে কৃষিকাজ করতে গিয়েছিলেন সিরাজ উদ্দিন। সেখান থেকে ঘাস কেটে পুনরায় নদী পার হয়ে বাড়ি ফেরার পথে মাঝনদীতে তার নৌকাটি ডুবে যায়। দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর তীরে তার ডুবে যাওয়া নৌকাটি পাওয়া গেলেও সিরাজ উদ্দিনের কোনো সন্ধান মেলেনি। পরে বিষয়টি পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে টানা দুদিন নদের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে রোববার সকালে দুর্ঘটনাস্থল থেকে দূরবর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় নদে তার মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম জানান, সকালে শ্রীপুরের বরমী এলাকায় মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে নিহতের স্বজনেরা সেখানে গেছেন।