logo
Advertisement

তৃণমূলের খুদে খেলোয়াড়রাই আগামীতে জাতীয় দলকে সমৃদ্ধ করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূলের খুদে খেলোয়াড়রাই আগামীতে জাতীয় দলকে সমৃদ্ধ করবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’ এর প্রথম পর্বের বিশেষ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: এশিয়া পোস্ট

তৃণমূলের খুদে খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় দলকে সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজের পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভারের জিরানীতে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’ এর প্রথম পর্বের বিশেষ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশব্যাপী উদীয়মান তরুণ ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বর্তমানে আটটি ইভেন্টের মোট ৩০৬ জন বাছাইকৃত খুদে খেলোয়াড় এই নিবিড় ক্যাম্পে অংশ নিচ্ছেন। এখান থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত প্রতিভাদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি ও বৃত্তির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে তাদের খেলাধুলা ও পড়াশোনার সার্বিক দায়িত্ব বহন করা হবে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় বন্ধুপ্রতীম দেশ চীনের সহযোগিতার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, তারা বিভিন্ন ইভেন্টে চীনের সহযোগিতা চান। এমনকি ক্রিকেটে তারা সহযোগিতা করতে চান। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নতুন কুঁড়ির শিক্ষার্থীদের পাশে রয়েছে ও তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

নিজের ক্রীড়া ও রাজনৈতিক জীবনের স্মৃতিতর্পণ করে তিনি বলেন, তিনি এক সময় খেলোয়াড় ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে আসেন। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলনে জেল-জুলুম সহ্য করলেও হাল ছাড়েননি। জনগণের ভালোবাসায় আজ সরকারে এসে দেশের ক্রীড়াঙ্গনের সেবা করার দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।

এ ছাড়া বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ফেডারেশনের কর্মকর্তা, দেশের কিংবদন্তি ক্রীড়াবিদগণ ও প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়া খুদে খেলোয়াড়েরা এ সময় উপস্থিত ছিলেন।