logo
Advertisement

সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-জনতা

এশিয়া পোস্ট নিউজ,জয়পুরহাট
সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি-জনতা
বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আবারও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।

Advertisement

শনিবার (১১ জুলাই) ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮-এস সাব-পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়।

এ সময় বিএসএফের সদস্যরা একজন বৃদ্ধ ও দুই নারীকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ওই তিনজনকে আটকে রাখেন এবং দ্রুত বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিএসএফের পুশইনের চেষ্টা নস্যাৎ করে দেয়। বিজিবির কড়া উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে সরে গেলে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান নেন। এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে বিজিবি টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে জয়পুরহাট ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল লতিফুর রহমান বারী জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে বিষয়টি প্রয়োজনীয় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সম্প্রতি জয়পুরহাট সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইনের একাধিক চেষ্টা হওয়ায় স্থানীয় সীমান্তবাসীর মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় :