নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি আপেল, সম্পাদক মুকুল

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং সাধারণ সম্পাদক পদে মো. মোনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের অভিযোগ ছাড়াই ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পেয়েছেন ৭৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মোনিরুল ইসলাম মুকুল ১ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পেয়েছেন ৪২০ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে হারুন নূর রশিদ খান টিয়া পাখি প্রতীকে ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর সহসভাপতি পদে মোয়াজ্জেম হোসেন হেলিকপ্টার প্রতীকে ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হন। সহসাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান আপেল প্রতীকে ৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১১টি পদে আব্দুল মোতালেব আপেল ও সিরাজুল ইসলাম রায়হান পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ২৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নোয়াখালীর ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনকে ঘিরে দিনভর ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


