logo
Advertisement

আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা করায় বগুড়ায় মিষ্টি বিতরণ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা করায় বগুড়ায় মিষ্টি বিতরণ
আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা করায় বগুড়ায় মিষ্টি বিতরণ। ছবি: এশিয়া পোস্ট

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৬ টাকা নির্ধারণ করায় সন্তোষ প্রকাশ করেছেন বগুড়ার আলু চাষি ও ব্যবসায়ীরা। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) বগুড়া শহরের সাতমাথায় মিষ্টি বিতরণ করেন ‘আলু ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র কেন্দ্রীয় কমিটির নেতারা।

Advertisement

সংগঠনটির নেতারা জানান, এতদিন হিমাগারগুলোতে আলু সংরক্ষণে প্রতি কেজিতে সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা পর্যন্ত ভাড়া নেওয়া হতো। আলু সংরক্ষণের এই ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে তারা আন্দোলনও করেছিলেন।

শনিবার দুপুর ১২টার দিকে সাতমাথায় আলু চাষি, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সামিউল ইসলাম বলেন, হিমাগারে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজিতে ৬ টাকা ৭৫ পয়সা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছিল, যা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। আমরা যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে আন্দোলন করেছি। সরকার আমাদের দাবি বিবেচনা করে প্রতি কেজি আলুর ভাড়া ৬ টাকা নির্ধারণ করে দিয়েছে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত এই ভাড়া দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ সিদ্ধান্তের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষিমন্ত্রী ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।

মিষ্টি বিতরণ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সুশান্ত বর্মন, সোহরাব হোসেন রাতুল, রংপুর জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, দিনাজপুরের কৃষক কেঁচো মানিক ও নীলফামারীর রোকনুজ্জামান রিপনসহ স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিপণন অধিদপ্তরের বগুড়ার মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের বলেন, গত ৩১ আগস্ট হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৬ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই ভাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

আবু তাহের আরও জানান, সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ আল মাহমুদের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে কাজ করছেন। শনিবার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার বিভিন্ন হিমাগারে অভিযানও পরিচালনা করা হয়েছে।