ট্রাকের সঙ্গে পর্যটন এক্সপ্রেসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত বগির ১০ দরজা

ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে রেললাইনের পাশে পার্ক করা একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির পাঁচটি বগির অন্তত ১০টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার দূরে খরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খরনা ও কাঞ্চননগর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ট্রেনটি দোহাজারী স্টেশনে থামানো হয়। সেখানে কারিগরি দল পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রায় ২৫ মিনিট বিলম্বে ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খরনা এলাকায় রেললাইনের পাশে অবৈধভাবে পার্ক করা ট্রাকের পেছনের অংশের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেনের পাঁচটি বগির প্রায় ১০-১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত চারটি দরজা দুমড়ে-মুচড়ে মাটিতে খুলে পড়ে যায়। কিছু দরজা ঝুলে থাকতে দেখা যায়।
এ বিষয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার নেপথ্যে গাফিলতি কার এবং কেন রেললাইনের এত কাছে ট্রাকটি পার্ক করা ছিল—তা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।