স্বামীর জানাজা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন শেষে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দীপু মনিকে প্রিজনভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয় এবং সেখানে তার স্বামীর দাফন সম্পন্ন করা হয়।
এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজনভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৫টা ৫৮ মিনিটে প্রিজনভ্যানটি কারাগার প্রাঙ্গণে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে, একই দিন সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নেওয়ার জন্য দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজনভ্যানটি।
দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। সব আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়।



