পিকআপ ভর্তি সরকারি বই উদ্ধার, পলাতক মাদ্রাসা সুপার

ময়মনসিংহের ত্রিশালে প্রায় এক টন সরকারি বইসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হলেও অভিযুক্ত মাদ্রাসা সুপার পলাতক রয়েছেন।
রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড় থেকে সরকারি বইসহ পিকআপটি জব্দ এবং এর চালককে আটক করা হয়।
আটক মো. জাকারিয়া বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। অভিযুক্ত হাফেজ মাওলানা ইউনুস আলী ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে গফাকুড়ি মোড়ে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী সরকারি বই অবৈধভাবে একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িসহ চালককে আটকে রেখে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক এক টন সরকারি বইসহ পিকআপটি জব্দ করে।
ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ফুলকুড়ি মাদ্রাসার সুপার একটি পিকআপে বই উঠিয়ে দিয়েছিলেন। তখন এলাকার লোকজন বিষয়টি বুঝতে পেরে আমাদের ফোনে জানান। বইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশও উপস্থিত হয়। পরে পিকআপসহ চালককে আটক করা হলেও মাদ্রাসার সুপারকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত সিদ্দিকী বলেন, মাদ্রাসার সুপার ইউনুস আলী বইগুলো বিক্রির উদ্দেশে গাড়িতে তুলে দিয়েছিলেন। তবে ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ইউএনও পিকআপ চালককে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
.png)


