logo

১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে হাতাহাতি বৈষম্যবিরোধী ছাত্রদের

১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে হাতাহাতি বৈষম্যবিরোধী ছাত্রদের

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত আটজন আহত হন।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

একই সময় ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছে। এসব ঘটনায় শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। 

হাতাহাতির ঘটনায় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি।

পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার (৪ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দপক্ষ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় দুই পক্ষের দুজন আহত হন।

এর জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আজ বিকেল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেন। ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে পৌর শহরে উপজেলা প্রশাসন বিকেল সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

জেলা ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহীম হোসেন বলেন, ‘এখানে ছাত্রদলের কোনো প্রোগ্রাম ছিল না। জুলাই ফাইটার্সের প্রোগ্রাম ছিল। তবে ঘটনার বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে আগ্রহী নই।’

এ বিষয়ে বক্তব্য জানার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের সদস্য সচিব সাহেদুর রহমান রাফিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করে দুপক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ আটক নেই।