জেলেদের বরাদ্দের চাল চুরি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ করা চালের প্রায় পাঁচ টন বিক্রির অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, রোববার চাল জব্দের পর ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তিন সদস্যের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা করার প্রক্রিয়া চলছে। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম হাজীগঞ্জ থেকে চালবোঝাই একটি মিনি ট্রাক জব্দ করেন। জব্দ করা চালের পরিমাণ ৪ হাজার ৯৩০ কেজি, যা প্রায় পাঁচ টন। পরে চালগুলো চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) গোডাউনে সংরক্ষণ করা হয়।
চাল পরিবহনে নিয়োজিত পিকআপচালক শাহাদাত জানান, সিএসডি গোডাউন থেকে চালগুলো পরিবহনের ভাড়া নিয়ে তিনি কুমিল্লার লাকসামে যাচ্ছিলেন। তাকে বলা হয়েছিল, লাকসামে পৌঁছানোর পর চালের মালিকের পরিচয় জানানো হবে।
তিনি আরও জানান, হাজীগঞ্জে পৌঁছানোর পর ফোন করে চালগুলো ফেরত নিয়ে যেতে বলা হয়। চাল বিক্রির টোকেনে ৪ হাজার ৯৩০ কেজি পরিমাণ উল্লেখ থাকলেও মালিকের নাম লেখা ছিল না বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নিবন্ধিত জেলেদের জন্য চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর আওতায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১ দশমিক ২৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই চাল বিতরণ করা হয়নি বলে জানা গেছে।
