বন্যাদুর্গত ঋণগ্রহীতাদের জন্য স্বস্তি, ৩ মাস কিস্তি আদায় স্থগিত

খাগড়াছড়িতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় আগামী তিন মাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)।
বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
লিখিত বক্তব্যে জানানো হয়, এমআরএ-এর জারি করা সার্কুলার লেটার নম্বর-৮৫ অনুযায়ী অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর উদ্বৃত্ত তহবিল থেকে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধসহ ত্রাণসামগ্রী বিতরণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে আগামী তিন মাস কিস্তি আদায় স্থগিত রাখতে, প্রয়োজন অনুযায়ী দুর্যোগকালীন ঋণ প্রদান করতে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী দ্রুত সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে সতর্ক করে বলা হয়, এমআরএ-এর নির্দেশনা অমান্য করে কোনো এনজিও যদি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কিস্তি আদায় করতে যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী এবং অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাবের আহাম্মেদ উপস্থিত ছিলেন।
.png)






