‘ফ্যাসিস্টের সহযোগী’ বলে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন’ বা ‘ফ্যাসিস্টের সহযোগী’ উল্লেখ করে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বারির এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। গত সোমবার (১৩ এপ্রিল) মনোনয়নপত্র দাখিল করেছিলেন প্রার্থীরা।
বুধবার (১৫ এপ্রিল) ছিল মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। সেদিন ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করে তাদের কাছে চিঠি পাঠান জেলা আইনজীবী সমিতির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সমিতির আহ্বায়ক আব্দুল বারি।
নোটিশে বলা হয়েছে, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের জানানো যাচ্ছে—আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে ১৩ এপ্রিল সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হলো।
বাতিল হওয়া প্যানেলের সভাপতি পদপ্রার্থী ছিলেন বদর উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন মো. এমদাদুল হক।
এ ব্যাপারে বদর উদ্দিন আহমেদ বলেন, এটি একটি নির্দলীয় নির্বাচন। নির্দলীয় নির্বাচনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এনে মনোনয়নপত্র বাতিল করা সম্পূর্ণ অনিয়ম ও অসাংবিধানিক। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাদের অনেকে নতুন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। আমাদের সঙ্গে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, গণফোরাম, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি রয়েছে।
মনোনয়নপত্র বাতিলের তালিকায় আরও আছেন সহসভাপতি পদের দিদারুল ইসলাম, এ কে এম কামাল হোসেন খান, মিজানুর রহমান তালুকদার, সহসম্পাদক পদের সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ছাহবিয়া হক (কানিজ), অডিটর পদের ইসতিয়াক আহমেদ (ইমন), সদস্য পদের এ কে এম মুনমুন আহমেদ (সেলিম), রফিকুল ইসলাম ফকির, সাবিহা সুলতানা (জেরিন), এম কামরুল হাসান সরকার, ফুয়াদ হাসান (নিউটন), আব্দুল্লাহ আল নাঈম ও তানিয়া আক্তার (রেশমী)।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে সভাপতি পদের বদর উদ্দিন আহমেদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাধারণ সম্পাদক পদের এমদাদুল হক ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অডিটর পদের ইসতিয়াক আহমেদ (ইমন) জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার ও দপ্তর সম্পাদক এবং সদস্য পদের ফুয়াদ হাসান (নিউটন) ত্রিশাল পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বারির অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার ফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।