নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহনাজ বেগম (৫৫) ও রিফাত হোসেন (২০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহনাজ বেগম ও রিফাত হোসেন দুজনই মৈকুলী এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত হন আরও তিনজন।
পরিদর্শক জসিম উদ্দিন জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
