মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগে যুবদল নেতার পদ স্থগিত

জুয়া, মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার দায়ে জামালপুরে শাহানুর রহমান পলাশ নামে যুবদলের এক নেতার পদ স্থগিত করা হয়েছে।
রোববার (২ আগস্ট) জেলা যুবদলের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শাহানুর রহমান পলাশ ইসলামপুর উপজেলার ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব ছিলেন।
জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. আতিকুর রহমান লিটনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে শাহানুর রহমান পলাশের প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং সদস্য সচিব সোহেল রানা খান যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন। পদ স্থগিতের পর থেকে শাহানুর রহমান পলাশের কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, শাহানুর রহমান পলাশের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে জুয়া, মাদক ও নারী-সংক্রান্ত নানা গুরুতর অভিযোগ ওঠে। বর্তমানে তার বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া গত ১৭ জুলাই ইসলামপুরে এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে প্রধান (এক নম্বর) আসামি করা হয়।
এ বিষয়ে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, দলের শৃঙ্খলা, ঐক্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো অপকর্মের সঙ্গে যুক্ত থাকার সুযোগ যুবদলে নেই। শাহানুর রহমান পলাশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ভিত্তিতেই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে।
.png)


