সিরাজগঞ্জে ঝড়ে ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখীতে ঘরের ওপর ভেঙে পড়া গাছের ডালের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন বালসাবাড়ি পুকুরপাড় গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। মধ্যরাতে হঠাৎ কালবৈশাখী শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল শিরিষ গাছের ডাল ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।
দুর্গানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করছিলেন। ভোরে ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরের ওপর পড়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করা হলেও না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।